ভিজিডির চাল আত্মসাৎ, মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার বুড়াবুড়ি ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান কামরুজ্জামানের বিরুদ্ধে দুস্থ মানুষকে ভিজিডির চাল ওজনে কম দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ইউপি চেয়ারম্যান কামরুজ্জামান ও ভজনপুর খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা রুবেল আলমের বিরুদ্ধে মামলা হয়েছে।
উপজেলা মহিলাবিষয়ক কর্মকর্তা করুণা কান্ত রায় বাদী হয়ে গত বুধবার দুপুরে তেঁতুলিয়া থানায় এই মামলা দায়ের করেন। এজাহারে উল্লেখ করা হয়, বুড়াবুড়ি ইউনিয়নের ২০০ ভিজিডি কার্ডধারী দুস্থকে মাসে ৩০ কেজি করে চাল বা গম দেওয়ার সরকারি নির্দেশনা রয়েছে। কিন্তু স্থানীয় ইউপি চেয়ারম্যান ও ভজনপুর খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা যোগসাজশ করে ২৪ কেজি করে চাল বিতরণ করে অবশিষ্ট ২ দশমিক ৩ মেট্রিক টন চাল আত্মসাৎ করেন।
এর আগে ৩ সেপ্টেম্বর ১০-১২ জন কার্ডধারী ও পাঁচ ইউপি সদস্য উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে লিখিত অভিযোগ করেন। গত রোববার জেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় বিষয়টি নিয়ে আলোচনা হয়।
জেলা প্রশাসক মোহাম্মদ সালাহউদ্দিন বিষয়টি জেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় আলোচনা হওয়ার কথা নিশ্চিত করে বলেন, এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে ইউএনওকে নির্দেশ দেওয়া হয়েছে।
বুড়াবুড়ি গ্রামের ভিজিডি কার্ডধারী পারুল আক্তার (৪০) জানান, ১৯ মাস ধরে তিনি ২০-২১ কেজি করে চাল পাচ্ছেন। অথচ তাঁর ভিজিডি কার্ডে লেখা আছে ৩০ কেজি।
মণ্ডলপাড়া গ্রামের সহিদা জানান, চাল কম দেওয়ার অভিযোগ করলে চেয়ারম্যান ও কয়েকজন ইউপি সদস্য ধমক দেন। উপস্থিত কর্মকর্তারাও কিছু বলেন না।
আরও সাত-আটজন একই ধরনের অভিযোগ করেন।
ইউএনওর কাছে দেওয়া অভিযোগপত্রে উল্লেখ করা হয়, চেয়ারম্যান ও কয়েকজন সদস্যের নির্দেশে ১৯ মাস ধরে কার্ডধারীদের ৩০ কেজির স্থলে ২০-২৫ কেজি করে চাল দেওয়া হচ্ছে। বাকি চাল তাঁরা আত্মসাৎ করেছেন। গত জুলাই মাসের চাল ২৪ আগস্ট বিতরণ করা হয়। এ সময় ভজনপুর খাদ্যগুদাম থেকে বরাদ্দ ১২৩ বস্তা চালের স্থলে ১০০ বস্তা উত্তোলন করে বিতরণ করা হয়েছে। বাকি ২৩ বস্তা চাল কালোবাজারে বিক্রি করে দেওয়ার পাঁয়তারা চলছে।
বুধবার এ ব্যাপারে জানতে ইউনিয়ন পরিষদ কার্যালয়ে গিয়ে ইউপি সচিব নয়ন উদ্দিনকে পাওয়া যায়নি। এ সময় মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি জানান, অফিসের কাজে তিনি ভজনপুর খাদ্যগুদামে আছেন।
এ ব্যাপারে ইউপি চেয়ারম্যান কামরুজ্জামান বলেন, ভজনপুর খাদ্যগুদাম থেকে চাল আনার জন্য মহিলা ইউপি সদস্য মাজেদা বেগমকে দায়িত্ব দেওয়া হয়। তিনি এবং খাদ্যগুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা ভুলক্রমে ১০০ বস্তা চাল উত্তোলন করেছেন।
তবে মাজেদা বেগম এ অভিযোগ অস্বীকার করে বলেন, ‘চেয়ারম্যানই আমাকে ১০০ বস্তা চাল উত্তোলন করতে বলেছেন।’
অন্যদিকে খাদ্যগুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা রুবেল আলমের কার্যালয়ে গেলে তিনি কথা না বলে মুঠোফোনে এদিক-ওদিক কথা বলতে ব্যস্ত হয়ে পড়েন। প্রায় ১৫ মিনিট অপেক্ষার পর ১০০ বস্তা চাল দেওয়ার ব্যাপারে তিনি বলেন, ‘এটি মিসটেক (ভুল)।’